পাবনার ঈশ্বরদীতে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক প্রকল্পের নতুন রেলরুট দিয়ে ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।
এর আগে রবিবার রাত পৌনে ৩টার দিকে ঈশ্বরদী স্টেশনের অদূরে লোকোসেড ইয়ার্ডে ইঞ্জিনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, রবিবার রাত আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের লোকোসেড ইয়ার্ডে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছায়। ভোর সোয়া ৪টার দিকে ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
পরে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে বিকল্প রেললাইন দিয়ে সুন্দরবন এক্সপ্রেস ঢাকার দিকে ছেড়ে গেছে। তবে ওই সময়ে এই রুটে কোনো যাত্রীবাহী ট্রেন না থাকার কারণে ট্রেন যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়নি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, রেলওয়ের উদ্ধারকর্মীরা দুর্ঘটনা কবলিত বগি দুটি উদ্ধার করে রেললাইন সচলের কাজ করছে। ঈশ্বরদীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ নতুন লাইন দিয়ে সচল রাখা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
