সেতু না থাকায় কক্সবাজারের রামুর এক মৃত ব্যক্তিকে ভেলায় ভাসিয়ে দাফনের জন্য নেওয়া হয়। দেশ স্বাধীনের পর থেকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সোনাইছড়ির মনিরঝিল গ্রামে যারাই মারা গেছেন, সবার মৃতদেহ এভাবেই ভেলায় করে নিতে হয়েছে।
সর্বশেষ সোমবার ওই এলাকার আব্দুল বারির ছেলে মনির আহম্মদের মৃত্যুর পর ভেলায় করে মৃতদেহ দাফনের জন্য নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শুধু লাশ দাফনই নয়, স্থানীয় লোকজনের যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। অবহেলিত মনিরঝিল গ্রামটিতে স্বাধীনতার পর থেকেই কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সোনাইছড়ি খালের ওপর একটি ছোট একটি সেতুর অভাবে ওই এলাকাটি এখনো বিচ্ছিন্ন রয়ে গেছে।
আরো পড়ুন: সুইডিশ ফুটবল অধিনায়কের ইসলাম গ্রহণ
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, এই গ্রামে মানুষের জন্য একটি ছোট সেতু বা কালভার্ট করে দিলে জনদুর্ভোগ আর হবে না।
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক জানান, ‘অবহেলিত মনিরঝিল গ্রামটিতে স্বাধীনতার পর থেকেই রাবার ডেম, নদী ভাঙ্গন রোধসহ কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও সোনাইছড়ি খালের উপর নির্মাণাধীন একটি ব্রিজে জের কাজ অর্ধসমাপ্ত থাকায় ওই এলাকাটি এখনো বিচ্ছিন্ন রয়ে গেছে।’
আরো পড়ুন: বিয়েতে নাচতে গিয়ে ব্রিজ ভেঙ্গে নর্দমায় বর
কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। আশাকরি দ্রুত সমস্যার সমাধান হবে।’
ইত্তেফাক/বিএএফ
