প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।
১৯৯৬ সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে ২৮ সেপ্টেম্বরের প্রথম প্রহরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এসময় শরীয়তপুরের পালং-জাজিরায় আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

এদিকে কেট কাটার পূর্বে দীর্ঘসময় ঢাকা-শরীয়তপুর মহাসড়কের চৌরঙ্গী এলাকা হতে সদর হাসপাতাল পর্যন্ত রাস্তার দুইপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানায় প্রায় ১ হাজার নেতাকর্মী।
এদিনটিকে ঘিরে রাতে কেক কেটে উদযাপনের পাশাপাশি শরীয়তপুরের পালং-জাজিরায় দীর্ঘ ৭ কিলোমিটার জুড়ে আলোকসজ্জা, আতশবাজি ফুটানো, ৭৫টি ফানুশ ও ১ হাজার নেতা-কর্মীদের মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা করানো হয়।
ইত্তেফাক/এমএএম
