খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গিনালা বাজারে আধা ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংশ্লিষ্ট শিক্ষার্থী ছাড়াও কিশোরী ক্লাব ও স্বপ্নের পাঠশালা, সিঙিনালা শাপলা সংঘ অংশগ্রহণ করে।
সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হরি রঞ্জন দের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠে। নিপীড়নের শিকার ছাত্রী ঐ স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত ওই শিক্ষক ছাত্রীটিকে স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ার ফাঁকে তিনি দীর্ঘদিন ধরে ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করতেন। লজ্জায় ওই ছাত্রী এসব নীরবে সহ্য করে যায়। সর্বশেষ গত শনিবার সে অ্যাসাইনমেন্ট দেখানোর জন্য ওই শিক্ষকের কাছে গেলে একা পেয়ে তিনি তাকে জড়িয়ে ধরেন এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। এক পর্যায়ে ওই ছাত্রী শিক্ষকের কক্ষ থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সে ঘটনাটি বাবা-মাকে জানায়। অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী নিপীড়নের শিকার ওই ছাত্রী শিক্ষক হরি রঞ্জনের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেন, অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় ভুল থাকায় ছাত্রীটিকে কক্ষে ডেকে এনে বকাবকি করেছিলাম। এটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
ইত্তেফাক/এমএএম
