শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন এবং দিক নির্দেশনাও দিয়ে গেছেন কীভাবে দেশ চলবে। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সব পর্যায়ে আজ উন্নয়নের ছোঁয়া। সরকারি কর্মকর্তা কর্মচারীরা, পুলিশ, ইউএনওরা যেভাবে কাজ করছে তা শুধু জনগণের উন্নয়নের স্বার্থে। যেকোনো মূল্যে আমাদের উন্নয়ন চালিয়ে যেতে হবে, কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না। আমাদের ঐক্য ষড়যন্ত্রকারীদের রুখে দেবে। ষড়যন্ত্রকারীরা দুর্বল হয়ে গেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, অন্ধকার থেকে আজ আলোর পথে এসেছি আমরা। আমাদের দুর্যোগ এখনো কাটেনি। ইউনিয়ন পরিষদ গ্রামে গঞ্জে আমাদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে- মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা। তার সঙ্গে বিশ্বের অন্যান্য নেতাদের তুলনা হয় না। কারণ, তিনি জনগণের মাঝ থেকে উঠে এসেছেন এবং তাদের সঙ্গে কাজ করে রাজনীতি করেছেন। এমন কোনো সেক্টর নেই যেখানে তিনি কাজ করছেন না।
তিনি বলেন, এই সরকার, একটি দলের সরকার। এটি সরকারের দল না। যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দলের একজন কর্মী হিসেবে আমাদের কাজ করতে হবে। আমরা মানুষের জন্য কাজ করি। আগামীতেও সব নির্বাচনে আমাদের প্রার্থীরা জয়ী হয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করবো।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ খুরশীদ আলম সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল প্রমুখ। সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিয়া মো. আলাউদ্দিন।
ইত্তেফাক/কেকে
