ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী উচ্চবিদ্যালয়ের ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চারতলা নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বিনা মূল্যে বই বিতরণ, শিক্ষা বৃত্তি ও প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক দিচ্ছে। দেশ ও জাতির উন্নয়নের জন্য দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমার পাঞ্জাবি ছিঁড়ে জনগণের যে নেতা উন্নয়নে কাজ করতে পারবে এবং সব সময় যাকে কাছে পাবেন তাকে আপনারা আসন্ন ইউপি নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।
এসময় ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, জেলা পরিষদের সদস্য হারিজুর রহমান হারিজ, যুবলীগের নেতা রাজু আহম্মদ প্রমুখ।
ইত্তেফাক/এমএএম
