বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীলেখা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
এতে তিনি লিখেছেন, ‘আমার বাবা, ঋজু এবং সৎ। মাথা উঁচু করে চলার সাহস জুগিয়েছেন যেকোনো পরিস্থিতিতে। বনিতাবিহীন, অকপট, আবেগপ্রবণ বাবাটা আমার। আর সান্ত্বনা দিও না তোমরা, দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে আমি বুঝবো না, মানব না। আমি যে কী হারালাম।’
২৯ সেপ্টেম্বর দুপুরে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন শ্রীলেখা। তাতেও বাবা হারানোর যন্ত্রণা প্রকাশ করেছেন।
এ অভিনেত্রী লিখেন, ‘আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় মানুষ… বাবা। যার কাছে তার কন্যাই শ্রেষ্ঠ, আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই, মতামত না চাইলেও দেওয়া চাই, আমার ভালো কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হতেন, সেই বাবা দুম করে মরে গেল। এটা আমি মানতে পারছি না, চাইছিও না।’

আবেগপ্রবণ হয়ে শ্রীলেখা লিখেন, ‘আমার বাবা আমার কী সেটা আমরা দুজনেই শুধু জানি। বাবা গো তোমার সাথে কথা হয়েছিল তুমি আমায় বোঝাবে যে তুমি আমার কাছে আছো, সেটা এমনি এমনি না, আমায় প্রুফ দিয়ে বোঝাবে বলে রাখলাম, না হলে তোমায় ছাড়তে পারছি না, ছাড়বো না, এইভাবে কষ্টে থাকবো তুমি দেখবে, আমায় প্রুফ দাও…।’
শ্রীলেখার বাবার নাম সন্তোষ মিত্র। গত ২৭ সেপ্টেম্বর, সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর আগে মাকে হারিয়েছেন শ্রীলেখা। মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন তিনি। বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল তার। সেই প্রিয় মানুষটি হারিয়ে একবারে যেন দিশেহরা হয়ে পড়েছেন এই অভিনেত্রী।
ইত্তেফাক/বিএএফ
