র‌্যাগিং: বুয়েটের ৪ ছাত্র এক সেমিস্টার বহিষ্কার থাকবে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০

র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চার শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছেন হাইকোর্ট। তারা হলেন, মির্জা মোহাম্মদ গালিব, সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র  লাহিড়ী ও মো. মোবাশ্বির।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন।

এছাড়া র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত বাকি ৩১ শিক্ষার্থীকে বুয়েটের হল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলের বাইরে নিজ দায়িত্বে থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

পরীক্ষা দুই ধাপে, বুয়েটে ভর্তি আবেদন ১৫ এপ্রিল

র‌্যাগিংয়ের অভিযোগে ২০১৯ সালে অ্যাকাডেমিক কার্যক্রমের বিভিন্ন টার্মে বহিষ্কার এবং হল থেকে বহিষ্কার হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ওইসব শিক্ষার্থী রিটে হাইকোর্ট রুল জারি করেছিলেন। বুধবার সেসব রুলের নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, আইনজীবী সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

২০১৮ ও ২০১৯ সালে র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে বুয়েটের বেশ কিছু শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার ও আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই শাস্তি দেওয়া হয়। 

ইত্তেফাক/কেকে