চাঁদপুরের কচুয়া উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে গৌরাঙ্গ দেবনাথ (৬০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কচুয়া উপজেলার পলাশপুর গ্রামের জগদিশ দেবনাথের ছেলের জীবন দেবনাথ ও হারাধন দেবনাথ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৪ সালের ৭ আগস্ট জীবন দেবনাথ, হারাধন দেবনাথসহ তাদের পরিবারের লোকজন চলাচলের রাস্তায় বেড়া দিতে যায়। এ সময় হত্যার শিকার গৌরাঙ্গ দেবনাথ, শংকর দেবনাথ ও জোসনা বাধা দিতে গেলে তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে জীবন দেবনাথ ও হারাধন দেবনাথ তাদের হাতে থাকা লোহার শাবল দিয়ে গৌরাঙ্গ দেবনাথসহ তিনজনকে মারধর করে। এর মধ্যে গৌরাঙ্গ দেবনাথকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গৌরাঙ্গ দেবনাথের ছেলে দুলাল দেবনাথ কচুয়া থানায় মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
