বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে তরুণদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হতে বিশ্বের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশীপ এওয়ার্ড’ (বিজিওয়াইএলএ) অনুষ্ঠানের বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে  তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বের তরুণদের অনুরোধ করবো বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিন এবং নিজ নিজ দেশ এবং জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন, ঠিক যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু।’ 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) সভাপতি তাহা আয়হান এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

সাম্প্রতিক সময় বাংলাদেশ আর্থ-সামজিক ক্ষেত্রে বিরাট অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর ‘সোনার বাংলার’ স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। 

                                     No description available.

রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন, ‘টেকসই উন্নয়নের এই গতি অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। বর্তমানে বাংলাদেশসহ গোটা বিশ্ব এই মহামারির বিরুদ্ধে লড়াই করছে এবং বর্তমান সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ব অর্থনীতিতে করোনা মহামারির নেতিবাচক প্রভাব সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী এবং সাহসী পদক্ষেপের কারণে সরকার করোনাভাইরাসের প্রভাব মোকাবেলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে।

ইত্তেফাক/এসআই