সাফ চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৩:০৩

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ এই মাসে বাংলাদেশে হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর নামে উপমহাদেশের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে সেটি হলোই না মালদ্বীপ সেটি লুফে নিল। করোনায় বিদেশি দল আসা-যাওয়া, এই ঝামেলা, ঐ ঝামেলা, নানা অজুহাতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করল না। সাফ চলে গেল দ্বীপ শহর মালেতে। আজ সেখানেই বসতে যাচ্ছে সাফের ১৩তম আসর। ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফের ফাইনাল খেলেছিল ভারত এবং মালদ্বীপ। চ্যাম্পিয়ন হয়েছিল মালদ্বীপ।

এবারই প্রথম মালদ্বীপ এককভাবে সাফের আয়োজন করছে। এর আগে ২০০৮ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল। উপমহাদেশের টুর্নামেন্ট হলেও এখানে পাকিস্তান আসতে পারেনি অভ্যন্তরীণ ফুটবল ঝামেলার কারণে ফিফা নিষেধজ্ঞা দিয়ে রেখেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি তাদের ক্রিকেটের উন্নতির জন্য নিজে একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু ফুটবল নিয়ে তেমন একটা উদ্যোগের কথা শোনা যায়নি। আর করোনার মধ্যে ভুটান দেশের বাইরে বের হবে না। ভুটান নাম প্রত্যাহার করে নেয়। আফগানিস্তান একটা সময় সাফে নাম লিখিয়েছিল কিন্তু ২০১৩ সালে নেপালে সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা উপমহাদেশের ফুটবলে খেলবে না ঘোষণা দেয় তারা আরো ওপরের স্তরে খেলবে।

এবারের সাফে খেলবে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল। সত্য কথা হচ্ছে ভারতও এখন সাফে খেলতে আগ্রহী নয়। তারা মনে করে, সাফে খেলার চেয়ে আরো শক্তিশালী দলের বিপক্ষে খেললে উন্নতি হবে। এর আগে ভারত দুর্বল দলও পাঠিয়ে ছিল সাফে। তবে এবার ভারত এশিয়ান কাপে খেলবে বলে তারা সাফের খেলাটা গুরুত্বসহকারে নিয়েছে। আরো পরিষ্কার করে বলা যায়, এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে সাফ। ঢাকা হতে কলকাতায় যোগাযোগ করা হলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাশ জানিয়েছেন সাফের পর ফেব্রুয়ারিতে এশিয়ান কাপের খেলা রয়েছে, সেখান খেলবে ভারত। আমাদের কাছে সেটিও গুরুত্বপূর্ণ।’

সাফের দেশ কমে যাওয়ায় অন্যান্য বারের মতো এবার গ্রুপিং হয়নি। পাঁচ দল রবীন লিগ পদ্ধতিতে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে।

ঘরের মাঠে সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্বাগতিক মালদ্বীপ কাতার গিয়ে অনুশীলন ক্যাম্প করেছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। লুসাইল এসসির বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে মালদ্বীপ, আর আর্মি দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। শ্রীলঙ্কান ফুটবল দল কাতার গিয়ে ক্যাম্প করতে চেয়েছিল কিন্তু ভিসা জটিলতায় যাওয়া হয়নি। বাংলাদেশ এবার ফাইনালের টার্গেট নিয়ে খেলতে গিয়েছে।

মালদ্বীপে ১৩তম সাফের ফিকশ্চার:

১ অক্টোবর : বাংলাদেশ ও শ্রীলঙ্কা

মালদ্বীপ ও নেপাল

৪ অক্টোবর : বাংলাদেশ ও ভারত

শ্রীলঙ্কা ও নেপাল

৭ অক্টোবর : ভারত ও শ্রীলঙ্কা

বাংলাদেশ ও মালদ্বীপ

১০ অক্টোবর : মালদ্বীপ ও শ্রীলঙ্কা

নেপাল ও ভারত

১৩ অক্টোবর : বাংলাদেশ ও নেপাল

ভারত ও মালদ্বীপ

১৬ অক্টোবর : ফাইনাল

* প্রথম খেলা বাংলাদেশ সময় বিকাল ৫টা এবং দ্বিতীয় খেলা রাত ১০টায় শুরু।

ফাইনাল রাত ৯টায়।

ইত্তেফাক/এসআই