আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলমান আইপিএলের ৪৭তম ম্যাচে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। খেলার ১৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। শিবম দুবে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করে নট-আউট থাকেন গ্লেন ফিলিপস।
শনিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে চেন্নাই। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে সাঞ্জু স্যামসনদের কাছে এই ম্যাচটি কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল। শেষমেশ চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পায় রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের ৪ উইকেটে ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৯০ রান তুলে নেয়।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ো করে রাজস্থান। দুই ওপেনার এভিন লুইস ও ইয়াসভি জিসওয়াল মিলে ৫.২ ওভারে ৭৭ রানের বড় সংগ্রহ তোলেন। শার্দুল ঠাকুরের বলে আউট হওয়ার আগে লুইস ১২ বলে ২টি চার ও সমান ছক্কায় ২৭ রান করেন। দলীয় ৪ রান পর আরেক ওপেনার জিসওয়াল বিদায় নিলেও ফিফটি করেই মাঠ ছাড়েন তিনি। তিনি ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫০ করে কেএম আসিফের বলে বিদায় নেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা রুতুরাজ গায়কড়ের কল্যাণেই বড় সংগ্রহ পায় চেন্নাই। মোস্তাফিজের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন রুতুরাজ গায়কড়। তিনি ৬০ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় তার ১০১ রানের ইনিংস সাজান। তার তিন অঙ্কের ম্যাজিক ফিগারের অপরাজিত ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহ দাঁড় করায় চেন্নাই সুপার কিংস। শেষদিকে নামা রবীন্দ্র জাদেজাও ঝড় তোলেন। এই অলরাউন্ডার ১৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন।

তবে আজ দিনটি ভালো যায়নি বাংলার কাটার মাস্টার মুস্তাফিজের। পুরো টুর্নামেন্টে অসাধারণ বল করা মুস্তাফিজুর রহমান এদিন ছিলেন বেশ বিবর্ণ। ৪ ওভারে ৫১ রানের বিনিময়ে ছিলেন উইকেট শূন্য। অন্যদিকে রাহুল তেওয়াটিয়া পান ৩টি উইকেট। এক উইকেট নেন চেতন সাকারিয়া।
এদিকে ম্যাচ হেরেও এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে চেন্নাই। ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট মহেন্দ্র সিং ধোনির দলের। আর ম্যাচ জেতার রাজস্থান ষষ্ঠস্থানে উঠে এসেছে। ১২ ম্যাচে ৫ জয়ের বিপরীতে ৭ হারে দলটির সংগ্রহ ১০ পয়েন্ট।
ইত্তেফাক/ইআ/এসএ
