আবারও ঢাকাই ছবিতে শ্রাবন্তী

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৮:৫৪

প্রথমবারের মতো চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করতে আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ‘জখম’ শিরোনামের একটি ছবিতে জুটি বাঁধবেন তারা। ছবিটিতে অপু বিশ্বাস ও জায়েদ খানের অভিনয়ের কথা থাকলেও ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন অপু। সেই জায়গাতেই শ্রাবন্তীকে নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা অপূর্ব রায়।

তিনি বলেন, ‘পরিকল্পনা ছিল জায়েদ খান ও অপু বিশ্বাসকে নিয়ে ছবিটি বানাবো। কিন্তু অপু সরে দাঁড়িয়েছেন। আমরা তো আর বসে থাকতে পারি না। তাই কলকাতার শ্রাবন্তীকে নিয়েছি।’ শুধু নায়িকা নয়, নায়কের বোনের ভূমিকায়ও ছবিটিতে দেখা যাবে কলকাতার গুণী অভিনেত্রী ঋতুপর্ণাকে। দেশে অনেক সিনিয়র শিল্পী থাকার পরও কেন কলকাতার শিল্পী এ ভূমিকায়?-এমন প্রশ্নে নির্মাতা বলেন, ‘আমরা এই ছবিতে নায়কের বোনের জন্যও বাংলাদেশের অনেক গুণী ও নামি অভিনেত্রীদের কাছে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তাদের সঙ্গে কথা বলে হতাশ হয়েছি। অনেকে এখনো নায়িকা হতে চান। অথচ গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই চরিত্রটি করেতে রাজি হয়ে গেছেন কলকাতার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

ভারতীয় বাংলা চলচ্চিত্রের সফল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ‘সোনার চর’ নামের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। ‘সোনার চর’ ছবিটিতে জায়েদ ছাড়াও চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানীর মতো জনপ্রিয় তারকার দেখা মিলবে।

ইত্তেফাক/এমআর