বাবা হারালেন মনোজ বাজপেয়ী

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:৩১

গত মাসেই খবর সামনে এসেছিলো সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মনোজ বাজপেয়ীর বাবা রাধাকান্ত বাজপেয়ী। বাবার অসুস্থতার খবর পেয়ে কেরলে শুটিং স্থগিত রেখে দিল্লিও পৌঁছেছিলেন মনোজ বাজপেয়ী। দিন কয়েক ছিলেন বাবার পাশেই। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে রবিবার সকালে মারা যান রাধাকান্ত বাজপেয়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মনোজ বাজপেয়ীর বাবার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন ‘সি’ পরিচালক অবিনাশ দাস।

মনোজ বাজপেয়ীর সঙ্গে তার বাবার একটি ছবি পোস্ট করে অবিনাশ লেখেন, ‘মনোজ দাদার বাবা আর নেই। ওঁনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিস করব।….দারুণ একজন মানুষ ছিলেন, ছেলের সাফল্য থেকে নিজেকে সবসময় দূরে রেখেছিলেন’। 

 

My gr8 father!dicussing the mutton that he cooks very well.yumyum pic.twitter.com/vKBCoBTU

— manoj bajpayee (@BajpayeeManoj) October 5, 2012

 

বাবার সঙ্গে মনোজের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় অভিনেতা জানিয়েছিলেন যে বাবার সহযোগিতা ছিল বলেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস অর্জন করতে পেরেছিলেন। বাবার অনুপ্রেরণায় বি-টাউনে পা রেখেছিলেন 'ভিকু মাত্রে'। 

বেশ কয়েক বছর আগে বাবার সঙ্গে নিজের একটি ছবিও টুইটারে পোস্ট করেছিলেন মনোজ বাজপেয়ী। ক্যাপশনে লিখেছিলেন ‘আমার গ্রেট বাবা। ওঁর রান্না করা দুর্দান্ত মটন নিয়ে আলোচনা করছিলাম। সুস্বাদ।’

ইত্তেফাক/বিএএফ