লোহাগাড়ায় ২ বালু উত্তোলনকারীর কারাদণ্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৭:৫৭

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু তোলার দায়ে দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ অক্টোবর(মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবিব জিতু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই  সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার মৃত হাজি ইউসুফ জামানের পুত্র মোবারক ও সৈয়দ আলমের পুত্র মো. ফয়েজ। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। 

ইউএনও জানান,অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় আসামিদের তোলা বালু জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।

ইত্তেফাক/এনই