এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের জামিন

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৭:৪১

প্রতারণার মামলায় গ্রেফতার এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) পরোয়ানামূলক গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে হাজির করে পুলিশ। এরপর তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহিদ হাসান জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিনযোগ্য ধারা হওয়ায় আদালত দুই হাজার টাকা বন্ডে আগামী ধার্য তারিখ পর্যন্ত আসামি আব্দুর রহমানের জামিন মঞ্জুর করেন।

এর আগে,  মঙ্গলবার  (৫ অক্টোবর) প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে  আব্দুর রহমানকে গুলশান থানা পুলিশ গ্রেফতার করে বলে জানিয়েছেন  গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন। 

এসআই আরও জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।  
ইত্তেফাক/এমএএম