অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার না থাকায় ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ জনগণ। প্রায় দুই বছর ধরে আলট্রাসনোগ্রাম মেশিনটি ব্যবহৃত হচ্ছে না। ব্যবহার না হওয়ায় মেশিনটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
চিকিৎসা বঞ্চিতরা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। ফলে প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে এখানে। হাসপাতালে যন্ত্র থাকলেও দক্ষ জনবল নেই বললেই চলে। দক্ষ মানুষ না থাকায় বছরের পর বছর পড়ে থাকায় নষ্ট হচ্ছে আলট্রাসনোগ্রামের মত দামী মেশিনটি। এতে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আশা সাধারণ মানুষকে।
আলট্রাসনোগ্রাম মেশিনের রুমে গিয়ে দেখা যায়, রুমে এবং মেশিনের ওপর প্রচুর ধুলা পড়ে আছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম জানান, একবছর হলো আমি এখানে যোগদান করেছি। এখানে আসার আগেই আলট্রাসনোগ্রাম মেশিনটি এ অবস্থায় আছে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার বা দক্ষ ডাক্তার না থাকায় মেশিনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কয়েকবার রিপোর্ট দিয়েছি। সর্বশেষ (৬ অক্টোবর) বুধবার বিষয়টি সহ বিভিন্ন শুন্যপদ পূরণের জন্য ছকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট দেওয়া হয়েছে।
ইত্তেফাক/ইআ
