নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে ১২ জেলেকে আটক করে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবীব এ সাজা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার রাতে উপজেলার সিডারচর, বাবুচর, কলমিরচর, পালেরচর এলাকায় পদ্মা নদীতে জাল ও নৌকা দিয়ে ইলিশ শিকার করছিলেন স্থানীয় বেশ কয়েকজন জেলে। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবীব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগের লোকজন নদীতে অভিযান চালিয়ে ওই ১২জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি জাটকা জব্দ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবীব বলেন, ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করেন মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, র্যাব ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ২৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এবং জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইআ
