এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছে ১০০ দেশের শিল্পকর্ম

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৮:০৬

করোনার জন্য পিছিয়ে যাওয়া এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী বৈশ্বিক মাত্রা পেয়েছে। এশিয়ার দেশগুলির গণ্ডি ছাড়িয়ে এ প্রদর্শনীতে এবার অংশ নিচ্ছে ১০০ টি দেশের শিল্পীদের শিল্পকর্ম।  

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপজীব্য করে আয়োজনটিতে এই প্রথম অংশ নেবে শত দেশের সাত শতাধিক চারুশিল্পী। প্রদর্শনীটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমি আয়োজিত প্রদর্শনীকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। 

দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী মূলত সমকালীন শিল্পকলাকে প্রদর্শনীর মাধ্যমে শিল্পপ্রেমী দর্শক ও সংগ্রাহকদের কাছে মেলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর শিল্পকলার নতুন নতুন মাধ্যমকে উপস্থাপন করার প্রস্তুতি চলছে। 

এবারে প্রদর্শনীতে স্থান পাবে চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনাশিল্প, পারফর্মেন্স আর্ট, নিউ মিডিয়া আর্ট প্রভৃতি। এবার ফেব্রুয়ারি থেকে মার্চ এ ‍দুই মাসব্যাপী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলবে এ প্রদর্শনী। 

সেই প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২০-এর প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের সংবাদপত্র ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এতে বক্তব্য রাখেন স্বনামধন্য সাংবাদিক গাজী টিভির সম্পাদক ইশতিয়াক রেজা ও এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সচিব আসাদুজ্জামান প্রমুখ।

সভায় জানানো হয়, এবারের আয়োজনে বিশ্বখ্যাত শিল্পীরা অংশ নিচ্ছে। যা আমাদের আয়োজনকে বিশ্বে নতুন মাত্রায় তুলে ধরবে। সেই বিখ্যাত শিল্পীদের তালিকায় রয়েছেন গ্রিসের ড্যানে স্ট্রাও, ঘানার ইব্রাহিম মাহামা, যুক্তরাজ্যের সুজান কলিন্স, নেপালের সুনিতা মহারাজ, কোরিয়ার মি ইয়ং আর্কিম, ইতালির অ্যালেক্স সালা ও যুক্তরাজ্যের কিমভি নুয়েন। 

সভায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, কালের পরিক্রমায় দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর কলেবর বৃদ্ধি পাচ্ছে। এক সময় এই আয়োজনে শুধুমাত্র এশিয়ার শিল্পীরা অংশ নিলেও এটি সারা বিশ্বের শিল্পীদের জন্য উন্মুক্ত। ইউরোপ-আমেরিকাসহ সকল মহাদেশের শিল্পীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক এই শিল্পায়োজন।

আয়োজনের ব্যাপ্তি ছড়িয়ে দিতে ইতিমধ্যে চারুকলা বিষয়ক আন্তর্জাতিক ইংরেজি ম্যাগাজিন ফ্রিজ ও এ্যাসমেটিকায় ১৯তম এশিয়ান দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীর বিজ্ঞাপন ছাপানো হয়েছে। এবারের প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত বাংলাদেশের ৪৫০ জন এবং বিদেশের ৩০২ জন শিল্পী রেজিস্ট্রেশন করেছেন।

সভায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, কালের পরিক্রমায় দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর কলেবর বৃদ্ধি পাচ্ছে। একসময় এই আয়োজনে শুধুমাত্র এশিয়ার শিল্পীরা অংশ নিলেও এটি সারা বিশ্বের শিল্পীদের জন্য উন্মুক্ত। ইউরোপ-আমেরিকাসহ সকল মহাদেশের শিল্পীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক এই শিল্পায়োজন। 

ইত্তেফাক/এএএম