পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন অভিজ্ঞ শোয়েব মালিক

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৮:০৯

অবশেষে যেন পরিপূর্ণতা পেলো পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। সর্বশেষ সংযোজন হিসেবে দলে ফিরেছেন দেশটির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। মূলত চোটের কারণে ছিটকে পড়েছেন তারকা ব্যাটার শোয়াইব মাকসুদ। তাতেই কপাল খুললো শোয়েব মালিকের।

প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান যে দলটি ঘোষণা করেছিল সেটি নিয়ে সন্তুষ্ট ছিল না কেউই। এমনটি গুঞ্জন ওঠে, খোদ অধিনায়ক বাবর আজম দল নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ইমরান খানও নাকি দলে পরিবর্তন আনার জন্য বলেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সর্বশেষ সুযোগ ১০ অক্টোবর পর্যন্ত। তার আগেই গতকাল শুক্রবার (৮ অক্টোবর) স্কোয়াডে তিনটি পরিবর্তন আনে পিসিবি। ১৫ সদস্যের স্কোয়াড থেকে আজম খান (সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে), মোহাম্মদ হাসনাইন ও খুশদিল শাহকে বাদ দেওয়া হয়েছে। তাদের বদলি হিসেবে দলে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ সরফরাজ আহমেদ, ফাখার জামান ও হায়দার আলিকে।

সম্প্রতি অনুষ্ঠিত ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় টি-টোয়েন্টি কাপে পারফরম্যান্স পর্যালোচনা করে এই পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর পরই গুঞ্জন ওঠে দলে আরও একটি পরিবর্তন আসার। অবশেষে সেটি সত্যি হলো। শনিবার (৯ অক্টোবর) পিঠের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন শোয়াইব মাকসুদ। তার বদলি হিসেবে তাৎক্ষণিকভাবে শোয়েব মালিকের নাম ঘোষণা করলো পিসিবি।

ইত্তেফাক/টিএ