কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় অর্ধশতাধিক মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯:৩০

আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় ৫০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে এবং এখনো বহু লোক নিখোঁজ আছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহের সোমবার দিবাগত রাতে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (৯ অক্টোবর) গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআরসি) প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৭০ জনের বেশি নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মংগালার গভর্নরের মুখপাত্র নেস্টর ম্যাগবাডো বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।

খারাপ আবহাওয়া এবং নৌকাটিতে অতিরিক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ