ব্যালন ডি'অর; নেইমার-এমবাপ্পে'কে ভোট দেবেন মেসি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২০:০৮

করোনাভাইরাসের কারণে গত বছর দেওয়া হয়নি ফুটবলে অন্যতম সম্মানিত পুরস্কার ব্যালন ডি'অর। তবে এবার যে আর তেমনটা হবে না তা আগেই জানিয়ে রেখেছিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। সেই ধারাবাহিকতায় বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত সংক্ষিপ্ত ৩০ জনের তালিকা ঘোষণা করেছে সংস্থাটি। তাতে নাম আছে চেনা পরিচিত ফুটবলারদের।

বরাবরের মতো এবারও ব্যালন ডি'অর জেতার অন্যতম দাবিদার লিওনেল মেসি। কিন্তু সর্বোচ্চ ছয়বার ব্যালন ডি'অর পাওয়া এই ফরোয়ার্ড নিজেকেই ফেভারিট মনে করছেন না।

No description available.

গত মৌসুমে বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ৬০ ম্যাচে মোট ৪৬ গোল করেছিলেন মেসি। বার্সার হয়ে কোপা দেল রে জয়ের পর, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতে প্রথমবার আন্তর্জাতিক শিরোপায় চুমু আঁকেন তিনি। তারপরও কেন নিজেকে ব্যালন ডি অরের দাবিদার ভাবছেন না এই পিএসজি ফরোয়ার্ড?

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমার মনে হয় না, আমি ফেভারিট। ফল না বের হওয়া পর্যন্ত এই বিষয় কথা বলতে কখনোই ভালো লা লাগে না আমার। আরেকটা জিততে পারলে দারুণ হবে, তবে একমাত্র খেলোয়াড় হিসেবে ছয় বার জেতাটা ইতিমধ্যেই অসাধারণ লাগছে।'

No description available.

আগামী ২৯ নভেম্বর প্যারিসে দেওয়া হবে ব্যালন ডি'অর। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে আরও দুই ধাপ পেছনে ফেলবেন মেসি। তিনি বলেন, 'সপ্তমটা পেলে অবিশ্বাস্যই হবে। এই গ্রীষ্মে আমি কোপা আমেরিকা জিতেছি, যা অনেকদিনের অপেক্ষা ছিল। যদি আমি আরেকটি ব্যালন ডি'অর জিতি, তাহলে খুব খুশি হব এবং খুব কৃতজ্ঞ থাকব। তবে এ নিয়ে ভাবছি না আমি।'

No description available.

ব্যালন ডি'অরের জন্য এবার পিএসজির দুই সতীর্থকে ভোট দেবেন মেসি। বলেন, 'আমার দলে অন্তত দু'জন খেলোয়াড় আছে কিলিয়ান এমবাপ্পে ও নেইমার, যাদের আমি ভোট দেবো। তারপর রবার্ট লেভানডস্কি, যে অসাধারণ একটি বছর কাটিয়েছে। তবে বেনজেমাও আছে। আমরা জানি ট্রফি এখন গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগ, ইউরো ও কোপা আমেরিকা সবসময়ই ভোটের ব্যাপারে বড় গুরুত্ব বহন করে।

ইত্তেফাক/টিএ