নারায়ণগঞ্জে ইজিবাইক চালক হত্যা, গ্রেফতার ২

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরে ইজিবাইক চালক হৃদয় হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব
রবিবার (১০ অক্টোবর) রাতে রূপগঞ্জ ও গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা সোমবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে জানান, হৃদয় হত্যাকাণ্ডের প্রধান আসামি আশিক মিয়া একজন মাদকসেবী। মাদক সেবনের টাকার জন্য গত ৮ অক্টোবর পূর্বাচল উপ-শহরে ৭ নম্বর সেক্টরে হৃদয় মিয়া নামে এক ইজিবাইক চালককে গামছা দিয়ে মুখ প্যাঁচিয়ে শ্বাসরোধ করে এবং গলা কেটে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করে। পরে ইজিবাইকটি মাত্র ২০ হাজার টাকা মূল্যে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পাঞ্জরা এলাকায় রমজান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাব। পরে প্রযুক্তির সহায়তায় হত্যাকারী আশিক মিয়াকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় রমজান মিয়াকে। 

র‌্যাব আরও জানায়, রূপগঞ্জের তালতলা এলাকার মাদক ব্যবসায়ী সবুজ আশিককে মাদকের টাকা যোগাড়ের জন্য ইজিবাইক ছিনতাইয়ের পরামর্শ দেয়। তার পরামর্শ অনুযায়ী আশিক ছিনতাই করতে গিয়ে ইজিবাইক চালক হৃদয়কে হত্যা করে। এই হত্যাকাণ্ডে উৎসাহ ও প্ররোচনার অভিযোগে মাদক ব্যবসায়ী সবুজকে গ্রেফতার করতে র‌্যাবের অভিযান চলছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমএএম