আইপিএল জিতে অবসর নিয়ে কী বলছেন ধোনি

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১২:০৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্থদশ আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে যোগ হলো আরও এক শিরোপা।

ভারতীয় জাতীয় ক্রিকেট দল থেকে আগেই বিদায় নিয়েছেন ধোনি। তবে আইপিএলের হয়ে আরও এক মৌসুম খেলার ইচ্ছা আগেই জানিয়েছেন। চেন্নাইয়ে দর্শক ভর্তি গ্যালারির সামনে বিদায় বলতে চান ক্রিকেটকে, বলেছিলেন এমনটিও। তবুও চেন্নাই আইপিএল জেতার পর ঘুরেফিরে আবারও আসলো ভারতের ইতিহাসে সেরা এই অধিনায়কের অবসর প্রসঙ্গ। এবার অবশ্য রহস্য রেখেই জবাব দিয়েছেন ধোনি।

MS Dhoni profile and biography, stats, records, averages, photos and videos

আগামী আইপিএল মৌসুমকে সামনে রেখে হবে মেগা অকশন। মাত্র ৪ জন ক্রিকেটারকে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিজের অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধোনি তুলে এনেছেন ওই প্রসঙ্গও। চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয়, সেটিই করবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন কুল।

ধোনি বলেন, ‘আমি যেটা আগেও বলেছি, এটা বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। নতুন দুইটা দল আসছে। চেন্নাইয়ের জন্য যা ভালো হয় আমাদের তাই করতে হবে। আসলে আমার তিন চারজনের ভেতরে থাকার ব্যাপার না। এটা একটা শক্ত ভিত্তি তৈরির ব্যাপার যেন ফ্র্যাঞ্চাইজিকে ভুগতে না হয়। আমাদের আগামী ১০ বছর অবদান রাখতে পারে এমন ক্রিকেটারদের দিকে তাদের তাকাতে হবে।’

উপস্থাপক হার্শা ভুগলের পরের কথাতেই অবশ্য সৃষ্টি হয় রহস্যের। তিনি বলেন, ‘আপনি যে লেগেসি রেখে যাচ্ছেন’ তার কথা শেষ হওয়ার আগেই ধোনি হাসিমুখে জবাব দেন, ‘আমি কিন্তু এখনো ছেড়ে যাইনি।’

ইত্তেফাক/টিআর