টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই ভারতের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। তবে ওয়ানডে ও টেস্টে নিয়মিত নেতৃত্ব দিয়ে যাবেন তিনি। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ভারতকে কোনো বৈশ্বিক শিরোপা এনে দিতে পারেননি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে শিরোপা জয়ের এটাই তার শেষ সুযোগ।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। সদ্যই আমিরাতে আইপিএল খেলেছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব খেলোয়াড়। আগামী ২৪ অক্টোবর সেখানেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ মিশন। তার আগে দলটিকে শিরোপা জয়ের জন্য উৎসাহিত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। তিনি বলেছেন, বিরাট কোহলির জন্য এটা করো।

সুরেশ রায়না বলেন, ‘বিশ্বকাপ জয়ের মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার অধিকার রাখেন কোহলি। সম্ভবত অধিনায়ক হিসেবে এটাই তার শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সুতরাং, এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে বিশ্বাস করানো যে, আমরা এটা (শিরোপা জয়) করতে পারি।’
আইসিসিতে লেখা কলামে তিনি বলেন, ‘এ কারণেই বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষা করতে পারছে না ভারতীয় সমর্থকরা। আমাদের শিরোপা জয় করার মতো খেলোয়াড় এবং মুহূর্ত দু'টোই রয়েছে। আমাদের কেবল মাঠে নামতে হবে এবং জিততে হবে।’
ইত্তেফাক/টিএ
