দেশের গিটার গড খ্যাত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। দেখতে দেখতে তার প্রয়াণের তিন বছর হয়ে গেলো। প্রয়াণ দিবসে আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন তার সহকর্মী, সংগীতযোদ্ধা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে এই দিনে যার মনটা সবচেয়ে বেশি ভারি হয়ে যায়, তিনি আহনাফ তাজোয়ার আইয়ুব। আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে।
প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছেন ছেলে তাজোয়ার। বাজিয়েছেন গিটার। লিড গিটারের সুরে তুলেছেন আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান ‘ঘুমন্ত শহরে’। ভিডিওটি আপলোড করা হয়েছে আইয়ুব বাচ্চুর গড়ে তোলা ব্যান্ড ‘এলআরবি’র ফেসবুক পেজে।
নিজের টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিয়ে তাজোয়ার লিখেছেন, ‘৩ বছর। কিন্তু এখনো আমার মনে হয় যেন গতকাল! খুব মনে পড়ে তোমায়। আমাদের অনেক কিছু করা বাকি ছিল!’
বাবার পথ ধরে গিটার আয়ত্ব করেছেন তাজোয়ার। তারা একসঙ্গে কনসার্টেও বাজিয়েছিলেন। ছেলের স্বপ্ন ছিল, বাবার সঙ্গে আরও অনেক অনুষ্ঠানে বাজাবেন। কিন্তু সেই স্বপ্ন স্থায়ী হলো না। ‘আরও বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’ গাওয়া মানুষটি ঠিকই উড়াল দিয়েছেন। শুধু রেখে গেছেন এক সমৃদ্ধ ইতিহাস।
১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে গানের ভুবনে পথচলা শুরু করেন আইয়ুব বাচ্চু। এরপর ১০ বছর সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। নব্বইয়ের দশকে যাত্রা শুরু হয় ‘ব্যান্ডদল এলআরবি’র। এর দলনেতা ছিলেন তিনি।

দীর্ঘ কয়েক দশকে অসংখ্য কালজয়ী, জনপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। ‘চলো বদলে যাই,’ ‘হাসতে দেখো,’ ‘এখন অনেক রাত,’ ‘রুপালি গিটার’, ‘মেয়ে’ ‘আমি কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সুখের এ পৃথিবী,’ ‘ফেরারি মন,’ ‘উড়াল দেবো আকাশে,’ ‘বাংলাদেশ,’ ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি,’ ‘এক আকাশের তারা,’ ‘সেই তারা ভরা রাতে,’ ‘কবিতা,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ,’ ‘যেওনা চলে বন্ধু,’ ‘বেলা শেষে ফিরে এসে,’ ‘আমি তো প্রেমে পড়িনি,’ ‘তিন পুরুষ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি শিল্পী।
ইত্তেফাক/বিএএফ
