জাবিতে ‘পাক্ষিক অনন্যা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:০৬

সাফল্যের ৩৩ বছর পার করে ৩৪ বছরে পদার্পণ করলো পাক্ষিক অনন্যা। গত ১৬ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো দেশের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী ম্যাগাজিনটি। এদিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তরুণ পাঠক সংগঠন ’আঠারো প্রভা’।

পাক্ষিক অনন্যার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে লাগানো হয় নানা সচেতনতামূলক পোস্টার ও ব্যানার। 'বিয়ে মানেই বউয়ের শরীর সম্পত্তি নয়, জোর করে শারীরিক সম্পর্ক ধর্ষণ হয়', 'নির্যাতন মানেই নয় পুরুষত্ব; অপরাধী সে, বিকৃত মনুষত্ব', 'শত সরস্বতী যায় ঝড়ে, যত লক্ষী সাজানোর ঘোরে', প্রভৃতি শ্লোগান সম্বলিত এসব পোস্টারে বাংলাদেশের নারী নির্যাতন, বৈষম্য ও অধিকার আদায়ে সচেতনতার প্রতিচ্ছবি ফুটে উঠে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র‍্যালি। র‍্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

১৭ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় শুরু হয় ক্যাম্পাসে দেয়াল পোস্টারিং কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ইসরাত জাহান চৈতী, যুগ্ম-আহ্বায়ক মো. মাহমুদুল হাসান, সদস্য সচিব মো. মিজানুর রহমান, সদস্য শাকিলা সারা ও নাফিসা শারমিনসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরপর পাক্ষিক অনন্যার প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার হাতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা।

ক্যাম্পাসে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পোস্টারিং ও র‍্যালির পাশাপাশি আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। এ সময় ক্যাম্পাসের তরুণ-তরুণীরা নিজেদের মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এখানে নারীবাদ ও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, নারী নির্যাতন ও প্রতিকার, নারীর মৌলিক অধিকার আদায়ে করণীয়সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এছাড়াও ক্যাম্পাসে তরুণীদের বিভিন্ন সমস্যা এবং এর সমাধানের বিষয়ে আলোচনা করেন উপস্থিত শিক্ষার্থীরা।

ইত্তেফাক/জেডএইচডি