ওমানের বিপক্ষে একাদশে ফিরছেন নাঈম শেখ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে ছিলেন না পরীক্ষিত ওপেনার নাইম শেখ। তার বদলি হিসেবে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। কিন্তু তিনি দলে তেমন কোনো অবদান রাখতে পারেননি। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

অথচ গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ নাইম শেখ। খেলেছেন প্রস্তুতি ম্যাচও। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে একাদশে রাখা হয়নি। বিষয়টি জানতেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাইতো এ নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৮ অক্টোবর) ওমানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, নাঈম দলে না থাকার কারণ আকরাম খানের কাছে জানতে চেয়েছিলেন তিনি। সোমবার মিটিংয়ে আকরামও ছিল। প্রশ্ন হলো- ‘নাঈমকে সারা বছর ধরে খেলালেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত করলেন, তাহলে হঠাৎ করে সে নেই কেন?’

পরে সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষেই একাদশে ফিরছেন নাঈম শেখ। সেই সঙ্গে জানিয়েছেন তাকে আগের ম্যাচে না নেওয়ার কারণ।

খুবই কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘আফিফ ছাড়া কোনো ৬ষ্ঠ বোলিং অপশন ছিল না এবং মাহমুদউল্লাহ রিয়াদও বল করতে পারতো না। তাছাড়া শিশির প্রভাব ফেললে স্পিনারদের অসুবিধা হবে। সেক্ষেত্রে এমন কাউকে দরকার হবে, যে কিনা সিম বোলিং করতে পারে। এ জন্যই সৌম্যকে নেওয়া।’

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

ইত্তেফাক/টিএ