মেয়র আতিকের বিরুদ্ধে করা মামলা খারিজ

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪:৪৮

ভূমি দখলসহ ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য উপাত্ত প্রদর্শনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার পরিচয়ধারী আলহাজ্ব আব্দুর রহিম নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে মামলা গ্রহণ করার কোনো উপাদান না থাকায় আদালত তা খারিজের আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী সরকারের কাছ থেকে ৪৭.৯০ একর জমি বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রকল্প বরাদ্দ নেয়। এই প্রকল্পের জমি বিভিন্ন অসদুপায় অন্যান্যদের দখল করতে উৎসাহিত করে আসামি (আতিকুল ইসলাম)। বাদীর প্রকল্পপের তৈরিকৃত ভবন ও উন্নয়ন অবকাঠামো প্রতিনিয়ত ভাঙচুর লুটপাট এবং প্রকল্পের ধ্বংস করেছেন আসামিরা। সে সংকল্প নষ্ট করার জন্য ডিএনসিসি ওই আসামির সঙ্গে গোপন ষড়যন্ত্র করে ভূমি মন্ত্রণালয় এবং পরস্পর যোগসাজশে ২ একর জমি অন্যায় ও অবৈধভাবে  তার ক্ষমতা অপব্যবহার করে দখল করে। গত ২ জুন আসামি উপস্থিত থেকে স্থাপনা ভাঙার সরঞ্জামাদি নিয়ে ভাঙচুর করে ৫ কোটি টাকায় ক্ষতি করে মামলার বাদীর। যা দেশের বিভিন্ন মিডিয়ায় এসেছে এবং উত্তর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

ইত্তেফাক/কেকে