খাদ্য সংকটে কেউ না খেয়ে মারা যায়নি: খাদ্যমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬:৩৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। দেশে খাদ্য সংকটে কেউ না খেয়ে মারা যায়নি।

মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘দেশের বিভিন্ন স্থানে বসবাসরত দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাউজহোল্ড সাইলো সরবরাহ’শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে হাউজহোল্ড সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী জানান, খাদ্য বান্ধব কর্মসূচিতে আগামী ৬ মাসের মধ্য স্মার্ট কার্ড প্রবর্তন করা হবে। এটি বাস্তবায়ন হলে খাদ্য সহায়তা বিতরণে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি বলেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০০ পেডি সাইলো নির্মাণের উদ্যোগ নিয়েছে। আধুনিক এ সাইলোগুলো হবে ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার। কৃষকের ভেজা ধান সংগ্রহ করে এখানে প্রক্রিয়াকরণ হবে। এতে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সফলভাবে করোনা মোকাবিলা করা হয়েছে। দেশে খাদ্য সংকট হয়নি-কেউ না খেয়ে মারা যায়নি।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান, মমতাজ বেগম। এ ছাড়া খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রেজভী, পুলিশ সুপার গোলাম আজাদ খান বক্তৃতা করেন।

 

ইত্তেফাক/ইউবি