টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে অনেকটাই চাপে রয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কাও দেখা দিয়েছে টাইগারদের সামনে। মাহমুদউল্লাহদের এই চাপকেই কাজে লাগিয়ে অঘটন ঘটাতে চায় ওমান।
ওমানের কোচ দুলিপ মেন্ডিস জানান, ‘নির্দিষ্ট দিনে ভালো করতে পারলে আপনি যেকোনো অঘটন ঘটাতে পারবেন। অতীতে আমরা অনেক অঘটন দেখেছি। আজও যেকোনো কিছুই হতে পারে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠিত দল, টেস্ট খেলুড়ে দল। কিন্তু তাদের ওপর চাপ কাজ করছে। বড় দলগুলো কোনো দলের বিপক্ষে খেলার সময় চাপে থাকে, কারণ তাদের হারের সুযোগ নেই। ছোট দলের জন্য সবই অর্জনের সুযোগ।’
বাংলাদেশের বিপক্ষে ওমানের এখনও কোনো জয় নেই। অভিজ্ঞতা, শক্তিমত্তা আর পরিসংখ্যানে দলটি অনেক পিছিয়ে বাংলাদেশের চেয়ে। দলটির কোচ দুলিপ মেন্ডিস তা মেনেও নিলেন।
তবে বড় দল বলেই বাংলাদেশের জন্য পরাজয় মানে বড় ব্যর্থতা। এছাড়া স্কটল্যান্ডের কাছে হারার পর বাংলাদেশের সুপার টুয়েলভে অংশগ্রহণ শঙ্কায় পড়ায় বাড়তি চাপ তো আছেই। এই চাপ কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রথমবারের মত হারিয়ে অঘটন ঘটাতে চান দুলিপ।
নিজেদের ফেভারিট না মেনেই টানা দ্বিতীয় জয় তুলে নিতে চায় আসরে দলের প্রথম ম্যাচে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নেওয়া ওমান। অন্যদিকে, মূল পর্বে খেলতে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ।
ইত্তেফাক/এসআই
