জেমিকে চায় না, ব্রুজনকে রাখার পক্ষে বাফুফে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২২:৪২

সাফের পয়েন্ট টেবিলে পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। পয়েন্ট টেবিলের ছবিটা মানতে রাজি না বাফুফে। বাংলাদেশের পারফরম্যান্স ভালো। আগের টুর্নামেন্টগুলোর মতো হয়নি। সামনে আরেকটি টুর্নামেন্ট শ্রীলঙ্কায়। আগামী ৮ নভেম্বর বাংলাদেশের খেলা লঙ্কার মাটিতে।

শ্রীলঙ্কার টুর্নামেন্টের জন্য ইংলিশ কোচ জেমিকে ফেরাতে চায় না বাফুফে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের সঙ্গে বৈঠক হয়েছে বাফুফের। মঙ্গলবার (১৯ অক্টোবর) বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের বাসায় বৈঠকে ছিলেন টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলি, কোচ অস্কার ব্রুজন এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কা ট্যুরের ব্যপারে ব্রুজনের সঙ্গে কথা হয়েছে। বুধবার আরও একবার বসা হবে। তখন চূড়ান্ত হবে ব্রুজন থাকবেন কি না। তিনি বলেন, ‘ব্রুজন ছুটিতে যাবেন। হাতে সময় কম। শ্রীলঙ্কায় খেলা শুরু হবে ৮ নভেম্বর।’

সাধারণ সম্পাদক জানিয়েছেন, তারা ব্রুজনের ব্যপারে পজিটিভ মনোভাব রাখছেন। সোহাগ বলছেন, ‘বাংলাদেশ ফাইনালে না উঠতে পারলেও ভালো খেলেছে সেটা মানতে হবে। অন্যান্য সময় হারলে মেনে নিতাম। কিন্তু এখন যা হয়েছে তা সবাই দেখেছেন।’

সোহাগের কথায় পরিস্কার ব্রুজনের সঙ্গে কিছু বিষয় নিয়ে বাফুফের আলাপ-আলোচনা হচ্ছে। দুই-চার দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, আবার ব্রুজনেই আস্থা রাখবে বাফুফে। শ্রীলঙ্কায় টুর্নামেন্টে মালদ্বীপ, সিশেলসও খেলবে। ১৭ নভেম্বর ফাইনাল।

ইত্তেফাক/টিএ