টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না বাংলাদেশের। ওমানের বিপক্ষে ১৫৩ রান তুলতে গিয়ে অল আউট হয়েছে টাইগাররা। সাকিব ও নাঈম বাদে কেউ দাঁড়াতেই পারেননি। পরে বোলারদের কৃতিত্বেই ম্যাচ পকেটে পুরেছে মাহমুদুল্লাহ বাহিনী।
উইকেট কম পেলেও সবচেয়ে ভালো বল করেছেন শেখ মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। তারা নিজেদের বোলিং কোটা পূর্ণ করার পথে যথাক্রমে ১৪ ও ১৬ রান দিয়েছেন। এর মধ্যে মেহেদী ডটবলই করেছেন ১২টি, কোনো বাউন্ডারি দেননি। সাইফউদ্দিন ১৩টি ডট বলের পাশাপাশি বাউন্ডারি খেয়েছেন মাত্র একটি। মেহেদী ও সাইফউদ্দিন দুজনই একটি করে উইকেট পেয়েছেন।
এদের দুইজনের তৈরি করা চাপেই পরে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজ। সাকিব তিনটি ও ফিজ চারটি উইকেট শিকার করেন। তবে তারা রান দিয়েছেন উদারহস্তে।
ইত্তেফাক/এসএ
