শচীনের পর এবার সাদিদের ঘূর্ণিতে মুগ্ধ শেন ওয়ার্ন 

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০১:৫৮

কদিন আগেই বাংলাদেশের বরিশালের মহাবাজ এলাকার বাসিন্দা সাদিদের স্পিন ঘূর্ণিতে মুগ্ধ হয়েছিলেন ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার। রীতিমতো বিস্মিত হয়ে সেই খুদে স্পিনারের বল করার ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেন শচীন। ক্যাপশনে লেখেন, ‘ওয়াও! দারুণ প্রতিভা! ক্রিকেটের প্রতি এই খুদে বালকের গভীর আবেগ ও ভালোবাসা একেবারে স্পষ্ট।’

এবার সাদিদের সেই ঘূর্ণি নজর কেড়েছে সর্বকালের সেরা লেগস্পিনার শেন ওয়ার্নের। সাদিদের বোলিং দেখে শচীনের মতো তিনিও বিস্মিত। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) টুইটারে সাদিদের বোলিংয়ের ভিডিও নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন শেন ওয়ার্ন। 

ক্যাপশনে সাদিদের প্রশংসা করে লিখেছেন, ‘ওয়াও, এটা আমি এই মাত্রই পেলাম। এটা কত ভালো! সে কে? অসাধারণ। এরকম দুর্দান্ত কাজ চালিয়ে যাও। বোলিং…’

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছাদুজ্জামান সাদিদের লেগ স্পিন করার ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় লেগ স্পিনে ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছে সে। বরিশালের উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানে পড়া সেই ক্ষুদে ক্রিকেটারের বয়স মাত্র ৬ বছর। ভিডিওটি শচীনের প্রোফাইল থেকে আপলোডের পর বিশ্বব্যাপী আলোচনায় এসে পড়েন এই খুদে স্পিনার।

ইত্তেফাক/ইআ