যশোরের শরীফুল হত্যা: ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৭:০৪

যশোরের বাঘারপাড়া থানা এলাকার শরীফুল ইসলাম হত্যা মামলায় ৬ জন‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত।  বৃহস্প‌তিবার (২১ অক্টোবর) খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনা‌লের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হ‌লেন জিয়াউর রহমান জিয়া (পলাতক), আব্দুল্লাহ (পলাতক), ইকবাল (পলাতক), আলম, কামাল ও নাঈম। এর ম‌ধ্যে পলাতক আসা‌মি জিয়াকে এক লাখ ২৫ হাজার টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের ৫ হাজার টাকা করে জ‌রিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৬ আসামিকে খালাস দেওয়া হ‌য়ে‌ছে।

আদালত সূত্র জানা গেছে, ২০১৫ সা‌লের ৯ জুন পূর্ব শত্রুতার জের ধ‌রে য‌শো‌রের বাঘারপাড়া উপজেলার অন্তয়খোলা গ্রামের মো. শহর আলীর ছে‌লে শরীফুল ইসলামের ওপ‌রে হামলা চালান আসা‌মিরা। এরপর চি‌কিৎসাধীন অস্থায় হাসপাতালে মারা যান শরীফুল। এ ঘটনায় শরীফু‌লের চাচা‌তো ভাই শাহ আলম বা‌দী হ‌য়ে বাঘারপাড়া থানায় হত্যা মামলা দায়ের ক‌রেন। তদন্ত কর্মকর্তা সর‌জিৎ কুমার ঘোষ একই বছ‌রের ৬ সে‌প্টেম্বর ১২ জনকে অভিযুক্ত করে আদাল‌তে চার্জশিট দাখিল ক‌রেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মো. আহাদুজ্জামান। 

ইত্তেফাক/এনই/এএইচপি