রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৪৩

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত চিকিৎসক মামুন উর রশীদ (৬৭)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

ডা. মামুন-উর-রশীদ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর গ্রহণের পর রাজশাহীতেই একটি বেসরকারি হাসপাতালে যোগ দিয়েছিলেন তিনি। সেই চাকরি ছেড়ে দিয়ে একটি বেসরকারি ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস করতেন। এক সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন।

রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, ডা. মামুন-উর-রশীদ নগরীর শালবাগানের বাসিন্দা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নওগাঁয়। তাঁর স্ত্রী ডা. রোখসান আরা রামেকের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক। দুই ছেলের জনক ছিলেন ডা. মামুন উর রশীদ।

এদিকে বৃহস্পতিবার বাদ যোহর রামেক চত্বরে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর নগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া কবরস্থানেই মরদেহ দাফন করা হয়। ডা. মামুন উর রশীদের মৃত্যুতে রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী শোক জানিয়েছেন।  

ইত্তেফাক/এসএ