বাংলাদেশ প্রাপ্য জয় পেয়েছে: আসাদ ভালা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭:১৯

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে শূন্য হাতেই দেশে ফিরে যেতে হচ্ছে পাপুয়া নিউগিনিকে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে তারা বাংলাদেশের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। তবে এমন বিদায়ে মোটেই আশাহত হচ্ছেন না পাপুয়ার অধিনায়ক আসাদ ভালা। উল্টো বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন।

আসাদ ভালার মতে, অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ তাদের প্রাপ্য জয় তুলে নিয়েছে। ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেছেন।

সুপার টুয়েলভে ‘এ’ গ্রুপে বাংলাদেশ

পাপুয়া নিউগিনির অধিনায়ক বলেন, ‘ম্যাচে বাংলাদেশ ভালো কিছু মোমেন্টাম পেয়েছে। যা আমাদের জন্য কঠিন ছিল। আমমি মনে করি, তারা পাওয়ার-প্লে’তে ভালো করার আগ পর্যন্ত আমরা ভালোই খেলছিলাম। বাংলাদেশ তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে এবং প্রাপ্য জয় পেয়েছে।’

পাওয়ার-প্লের ৬ ওভারে মাত্র ১৭ রানেই চার উইকেট হারিয়ে ফেলে পিএনজি। যা আসাদ ভালাকে সন্তুষ্ট করতে পারছে না। তিনি বলেন, ‘ওই পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কোনো উপায় খুঁজে পাইনি। সম্ভবত আমাদের আরও আত্নবিশ্বাসী হওয়া দরকার ছিল। কিন্তু এসব থেকে আমরা অনেক কিছু শিখেছি। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবো।’

বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নিলেও তারা হতাশ নয় জানিয়ে আসাদ ভালা বলেন, ‘আমরা এখানে ভালো খেলতে না পারলেও বড় দলগুলোর বিপক্ষে প্রচন্ড চাপের মধ্যে খেলে অনেক কিছুই শিখেছি। আমাদের কখনোই এই পর্যায়ে ক্রিকেট খেলা হয়নি। এখান থেকে ফিরে যাওয়ার পর ভালো কিছুর চেষ্টা করবো।’

ইত্তেফাক/টিএ