শুটিংয়ে নায়কের গুলিতে সিনেমাটোগ্রাফার নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২৩:৪৫

শুটিং চলাকালে হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন সিনেমাটোগ্রাফার। গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক জোয়েল সুজা। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার সিনেমা ‘রাস্ট’-এর শুটিং সেটে এই ঘটনা ঘটেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিহত নারীর নাম হালইয়ানা হুটচিনস। তার বয়স হয়েছিল ৪২ বছর। সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুটিংয়ে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহার ব্যবহার করা হয়। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সত্যিকারের বন্দুকও ব্যবহার করতে দেখা যায়। তবে, এ ঘটনায় ঠিক কী ঘটেছিল, তা এখনও জানা যায়নি।

নিউ মেক্সিকোর পুলিশ বলছে, আকস্মিক এই দুর্ঘটনার জেরে সিনেমার শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। তদন্ত চলছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

ইত্তেফাক/বিএএফ