শারজাহ'র পিচে মিরপুরের ছায়া দেখছেন ডমিঙ্গো

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:১৪

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ তিন ভৈন্যুর মধ্যে স্পিন বোলিংয়ের সবচেয়ে কার্যকারিতা বেশি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই রবিবার (২৪ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তাই কন্ডিশন বিবেচনায় আশার কথাই শোনালেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

আজ শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘এই ধরনের কন্ডিশন আমাদের সঙ্গে যায়। শারজাহ ঢাকার উইকেটের মতো। আশা করি আগামীকালের ম্যাচে  এটি আমাদের সহায়তা করবে।’ রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

শ্রীলঙ্কার বিপক্ষেও ওপেনিংয়ে নাঈম-লিটন

বাংলাদেশকে এগিয়ে রাখছে সাম্প্রতিক ফলও। চলতি বছর ইতিমধ্যে একটি ওয়ানডে ও একটি টেস্ট সিরিজ খেলেছে উভয় দল। এর মধ্যে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে লঙ্কানদের ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ফলে সাদা বলে শ্রীলঙ্কার দক্ষতা সম্পর্কে ভালোই জানা আছে টাইগারদের।

ডমিঙ্গো বলেন, ‘ওয়ানডে এবং টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো লড়াই করতে পারি। আমাদের দল পরিপূর্ণ এবং কিছু দক্ষতাসম্পন্ন বোলার ও ভয়ংকর ব্যাটার রয়েছে। আমাদের আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।’

ইত্তেফাক/টিএ