স্পোর্টস রিপোর্টার
শেখ রাসেল ক্রীড়া চক্র তাদের হোম ভেন্যুতে দুই জয়ে এগিয়ে গেছে। সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
খালেকুজ্জামান সবুজ ৬৫ মিনিটে দারুণ এক গোল করে জয় এনে দিয়েছেন। এই একমাত্র গোলটি শেখ রাসেলকে জয়ে ফিরিয়েছে। বামপ্রান্ত থেকে তীব্র শটে গোলটি করেন সবুজ। বিদেশি স্ট্রাইকারদের ব্যর্থতার বিপরীতে ত্রাতা হিসেবে উঠে এলেন দেশি ফুটবলার সবুজ।
কোচ সাইফুল বারী টিটুও দারুণ খুশি। ফোনে সিলেট হতে তিনি সংবাদ মাধ্যমকে বলছিলেন, ‘আমিও চাইছিলাম দেশি ফুটবলার গোল করুক।’
হোম ভেন্যুতে জয় প্রসঙ্গে কোচ টিটু বলছিলেন,‘আমাদের টার্গেট হোম ভেন্যুর সব ম্যাচে জয় পাওয়া। জানি এটি কঠিন। তারপরও আমরা চেষ্টা করব।’
এ নিয়ে পাঁচ খেলায় চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল। তাদের পরবর্তী খেলা শেখ জামালের বিপক্ষে, রবিবার।

