জেসিআই বাংলাদেশ উদ্যোক্তা সামিট অনুষ্ঠিত

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৩৪

প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ উদ্যোক্তা সামিট এবং তরুণ উদ্যোক্তা সম্মাননা-২০২১। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজন করা হয় এই উদ্যোক্তা সামিট এবং তরুণ উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানের।

সম্মাননা অনুষ্ঠানের শুরুতে ‘চেঞ্জ মেকারস’ বিভাগে বাংলাদেশের আটজন উল্লেখযোগ্য উদ্যোক্তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানিত করা হয়। তাদের মধ্যে ছিলেন তাহমিনা তান্না, নাতাশা হায়াত, রোকসানা সামাদ, আফিফ জুবায়ের জামান, আতাউর রহিম চৌধুরী, এমরান ফাহাদ, সুমাইয়া মৌসিনিন এবং রকিবুল হাসান। পরবর্তীতে জেসিআই বাংলাদেশের কতিপয় সদস্যকে উদ্যোক্তা হিসেবে তাদের সাফল্য এবং একইসাথে জেসিআই-এর ভিশন ও মিশনকে এগিয়ে নেওয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বর্তমান সময়ে বাণিজ্যিক উদ্যোগের হার বৃদ্ধি করা কতোটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেসিআই বাংলাদেশের প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সাফিনা রহমান ও গেস্ট অব অনার হিসেবে ছিলেন মুন্সিগঞ্জ-২ পার্লামেন্টের সদস্য শাগুফতা ইয়াসমিন এমিলি।

অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন জেসিআই বাংলাদেশের নির্বাহী সহ-সভাপতি জনাব এরফান হক এবং সহকারী আহ্বায়কের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি জনাব আবদুল্লাহ শাফি। তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার পরবর্তী পদক্ষেপ হিসেবে জেসিআই বাংলাদেশ অনুষ্ঠান শেষে মাসব্যাপী ‘বিজনেস আইডিয়া’ প্রতিযোগিতার ঘোষণা দেয়।

২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার ৬৩ দশমিক ৭ শতাংশ ৩৫ বছরেরও কম বয়সী। জেসিআই বাংলাদেশ বিশ্বাস করে তরুণ উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার মাধ্যমে জনগোষ্ঠীর এই লভ্যাংশকে জনশক্তিতে পরিণত করা সম্ভব। তরুণদেরকে বাণিজ্যিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্য নিয়েই জেসিআই বাংলাদেশ দারাজ ও আহমেদ ফুডের সহায়তায় এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে যেখানে জেসিআই-এর সদস্য এবং অসদস্য উদ্যোক্তাদেরকে তাদের অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা পুরষ্কার দেওয়া হয়। এর পাশাপাশি একই ভেন্যুতে জেসিআই বাংলাদেশের উদ্যোগে দেশের উল্লেখযোগ্য বেশ কিছু স্টার্টআপের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা ভার্চুয়ালি ২৯ অক্টোবর পর্যন্ত চালু থাকবে।

ইত্তেফাক/জেডএইচডি