অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করা হয়নি। আজ সোমবার (২৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের উপস্থিতিতে মামলাটির চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু, এ দিন সম্রাট অসুস্থ থাকায় তাকে আদালতে আনা হয়নি। তাই কারা কর্তৃপক্ষ থেকে কাস্টডি ওয়ারেন্ট পাঠানো হয়েছে।
কাস্টডি ওয়ারেন্টে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ উল্লেখ করেন, আজ সম্রাটকে আদালতে হাজির করার দিন ধার্য রয়েছে। সম্রাট ২০২০ সালের ২৪ নভেম্বর থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছে। তাই তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

গত ২২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু, ওই দিনও সম্রাটকে আদালতে উপস্থিত না করার কারণে আদালত সম্রাটের অনুপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেন।
গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইত্তেফাক/কেকে
