‘মান অভিমান’-এর ৮০০ পর্ব

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:৩৪

মধ্যবিত্ত পরিবারের পাঁচজন মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘মান অভিমান’। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান। এর সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। পরিচালনা করেছেন আশিস রায়।

দীপ্ত টিভির জনপ্রিয় এ ধারাবাহিক নাটকটি ৮০০তম পর্ব প্রচার যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় দেখানো হবে বিশেষ এই পর্বটি।

নাটকটির ৮০০তম পর্বে দেখা যাবে, কেয়ার বিয়ে উপলক্ষ্যে সরকার বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশ। এর মাঝে একটা ফোন কলে সবার মাঝে হতাশা নেমে আসে। ফোনে হুমকি আসে সরকার পরিবারের আপন কেউ এই বাড়ির সবচেয়ে বড় ক্ষতিটা করবে। ভয় আর আতঙ্কে জামাল অসুস্থ হয়ে পড়ে। সবাই খুঁজে বেড়ায় সেই মানুষটা কে? অন্যদিকে রানু কখনও মা হতে পারবে না সেটা প্রমাণ করতে ফারিয়া রানুর প্রেগনেন্সি রিপোর্ট জাল করার চেষ্টা করে। ফারিয়ার উদ্দেশ্য রাহাতের সংসার থেকে রানুকে বের করে দিয়ে সে নিজে রাহাতের স্ত্রী হবে।

নাটকটিকে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক, শাহ আল দুলাল, আইরিন তানি, মুনমুন আহম্মেদ, জেবুন্নেছা সোবহান, রীনা রহমান, তানজি রিয়া প্রমুখ।

আশিস রায়ের পরিচালনায় ২০১৯ সালের ৫ জানুয়ারি দীপ্ত টিভিতে নাটকটির প্রচার শুরু হয়। প্রথম থেকেই নাটকপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে নাটকটি। এর লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ দীর্ঘ যাত্রায় সঙ্গে থাকার জন্য শিল্পী, কলাকুশলী ও দর্শকদের ধন্যবাদ জানান।

ইত্তেফাক/বিএএফ