কুমিল্লা গোমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়া জুবায়ের আলী নামের এক শিশুর মরদেহ প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করেছে ডুবুরি দল।
সোমবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু জুবায়ের জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।
কুমিল্লা ফায়ার সার্ভিস, শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গোমতী নদীর আদর্শ সদর উপজেলার আলেখারচর ব্রিজ সংলগ্ন এলাকায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায় জুবায়ের আলী (৮)। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা নদীতে তল্লাশী চালালেও তার সন্ধান পায়নি।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা বটন বড়ুয়া বলেন, জুবায়ের আলী তার সহপাঠীদের সঙ্গে গোসল করতে নদীতে নেমে সে পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাই। কিন্তু তাকে না পেয়ে চাঁদপুরে ডুবুরি দলকে খবর পাঠানো হয়। দুপুর ১টার দিকে ৫ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশী শুরু করে। দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূর থেকে শিশু জুবায়েরের মরদেহটি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমএএম
