অনুষ্ঠিত হয়ে গেলো দেশের প্রথম আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সম্প্রতি ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত এ টুর্নামেন্টে ৬ দেশের ২৪ জন প্রখ্যাত স্কোয়াশ খেলোয়াড় অংশ নিয়েছেন।
গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রবেশ করেছে একটি পি.এস.এ ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। পি.এস.এ বা প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেন মিশরের ইয়াসিন এলশাফেই এবং পাকিস্তানের খেলোয়াড় নুর জামান। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়েছেন মিশরের ইয়াসিন এলশাফেই এবং রানার আপ হয়েছেন পাকিস্তানের খেলোয়াড় নুর জামান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট- ২০২১’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, এমপি । স্কোয়াশ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এবং একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্কোয়াশ কমপ্লেক্সসহ খেলার অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়াও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফারুক খান, এমপি, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল কামরুল ইসলাম, এসপিপি (অব.), গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান এবং বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের নিয়ে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর চট্টগ্রামে একটি প্রদর্শনী খেলার আয়োজন করা হয়েছে। ‘ইস্পাহানি আন্তর্জাতিক স্কোয়াশ প্রদর্শনী ম্যাচ- ২০২১’ শীর্ষক খেলাটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীর চিটাগাং ক্লাবে।
ইত্তেফাক/জেডএইচডি
