বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক সংস্কার

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৩:১২

কালীগঞ্জের তুমলিয়া ক্রেডিট ইউনিয়নের সামনে থেকে বতুল বাজার পর্যন্ত সড়কের সংস্কারকাজ শেষ করা হয়েছে। অথচ পল্লী বিদ্যুতের বেশ কিছু খুঁটি সড়কের মাঝেই রেখে দেওয়া হয়েছে।

জানা গেছে, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বন্যা রক্ষা বাঁধের ওপর নির্মিত সড়কটির সংস্কার ও বর্ধিতকরণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কের প্রস্ত বাড়িয়ে ১৮ ফুট করা হয়।

২০২০ সালের ২০ জুলাই স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি সড়ক সংস্কার ও বর্ধিতকরণের কাজ উদ্বোধন করেন। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রবাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, তুমলিয়া ইউনিয়ন পরিষদের পাশেই রয়েছে বোয়ালী উচ্চবিদ্যালয়। ঐ স্কুল-সংলগ্ন বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর কিছু দূর গেলে একই এলাকায় বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়। ঐ সড়কে রয়েছে সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজ। ঐ সড়কে অন্তত ১২টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। স্থানীয়দের প্রবল আপত্তির পরও সংস্কারের সময় খুঁটিগুলো সড়ক থেকে সরানো হয়নি।

ঐ সড়কসংলগ্ন দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের সময় অনেকেই বৈদ্যুতিক খুঁটির ব্যাপারে আপত্তি জানিয়েছিল। কিন্তু কর্মকর্তারা এসব কথায় কর্ণপাত করেননি। রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো হয়নি। যে কারণে শঙ্কা রয়েই গেল। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর এ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সড়কের ওপর থেকে বৈদ্যুতিক খুঁটি সরানো উচিত।

এ ব্যাপারে তুমলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহফুজুর রহমান এলজিইডিকে পল্লী বিদ্যুতের জিএম বরাবর আবেদন করার পরামর্শ এবং এর পরিপ্রেক্ষিতে খুব দ্রুত সময়ের মধ্যে খুঁটি সরিয়ে দেওয়ার আশ্বাস দেন। উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন পাঠানো হবে।

ইত্তেফাক/এএএম