গোপালগঞ্জে ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের আসামিরা হলেন- মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য কান্দি গ্রামের মো. মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো. কাঞ্চন ফকিরের ছেলে মো. কাওছার ফকির, মুছা শেখের ছেলে মো. মেহেদী হাসান শেখ এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মো. আল-আমিন মোল্লা। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুন্সী মো. আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা দুলাল শেখকে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেন। পরদিন নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন মুকসুদপুর থানায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি মামলা করেন।
ইত্তেফাক/ইউবি
