নুরের দলকে নিষিদ্ধের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার উদ্যোগে সদ্য আত্মপ্রকাশ করা গণ পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেজা কিবরিয়া ও নুরের গ্রেফতারের দাবি জানায় তারা। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে আধঘণ্টা যাবত এ অবরোধ কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শাহবাগের সমাবেশে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, রেজা কিবরিয়া ও নুরুল হক নূররা দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মদদদাতা হিসেবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের অসৎ উদ্দেশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। এরা জামাত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। এদের দ্বারা গঠিত সাম্প্রদায়িক সংগঠন দ্রুত নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমগ্র দেশে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,  চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপে হামলার ঘটনায় সুস্পষ্ট প্রমাণসহ নুরুল হক নূরের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের প্রত্যক্ষ মদদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের জে এম সেন পূজা মণ্ডপে হামলা চালিয়ে দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসকে উসকে দিয়েছিল। এসব সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দেয়ার অপরাধে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদকে নিষিদ্ধসহ হামলার মদদদাতা রেজা কিবরিয়া ও নূরুল হক নূর গংদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। 

No description available.

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি সাম্প্রদায়িক সংগঠন গণ অধিকার পরিষদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই জঙ্গি ও সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠনকে অসাম্প্রদায়িক বাংলাদেশে রাজনীতি করতে দিবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অবিলম্বে জঙ্গি, সাম্প্রতিক ও সন্ত্রাসী সংগঠন গণ অধিকার পরিষদসহ ছাত্র, যুব অধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ দেশব্যাপী আরও কঠোর কর্মসূচী ঘোষণা করবে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর দুই দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো যথাক্রমে-

১। চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার মদদদাতা রেজা কিবরিয়া ও নুরুল হক নূর গংদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২। জঙ্গি, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন গণ অধিকার পরিষদসহ ছাত্র ও যুব অধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

ইত্তেফাক/ইআ