খালেদা জিয়ার অবস্থা এখন ভালো: চিকিৎসক

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:৫৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সার্জিক্যাল আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

মঙ্গলবার খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, সোমবার রাতেই ম্যাডামকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সকালে তরল খাবার দেওয়া হয়েছে। ম্যাডামের অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। ভালো বোধ করছেন।

জাহিদ হোসেন বলেন, বায়োপসির প্রতিবেদন আসতে ৭২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হবে। পরবর্তী চিকিৎসা কী হবে, ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সেটা নির্ধারিত হবে। 

সোমবার এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, শরীরে ছোট একটা ল্যাম্প আছে এক জায়গায়। যেহেতু ল্যাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে। 


ইত্তেফাক/ইউবি