ব্যাটিংয়ে ভালো শুরু না হওয়াতেই পরাজয়, বলছেন রিয়াদ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৩৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা করুণভাবে ফুটে উঠেছে। ম্যাচে শেষে পরাজয়ের জন্য সেটিকেই দায়ী করলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

তার মতে, ব্যাট হাতে ভালো শুরু এনে দিতে পারেনি ব্যাটাররা। সে জন্যই পরাজিত হতে হয়েছে। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় লাল-সবুজ বাহিনী।

No description available.

ম্যাচের তৃতীয় ওভারে দলীয় রান যখন ১৪, ঠিক তখনই দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর সাকিবও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে অধিনায়ক রিয়াদ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে স্পিনার নাসুম আহমেদের ক্যামিং ইনিংসের ওপর ভর করে কোনোরকমে মান বাঁচে।

No description available.

তাইতো অধিনায়ক রিয়াদ বলেন, ‘যেভাবে ব্যাটিং করেছি তাতে আমরা হতাশ। উইকেট ভালো ছিল। কিন্তু আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। কোনো পার্টনারশিপও গড়তে পারিনি। এমন উইকেটে বড় রান করতে হলে ভালো শুরু জরুরি। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’

No description available.

দলে পাওয়ার হিটার না থাকায় সেটা নিয়েও আপসোস নেই টাইগার দলপতির। বলেন, ‘আমাদের দলে পাওয়ার হিটারের চেয়ে স্কিলড হিটার বেশি। আর এটা আমরা বদলাতেও চাই না। ভালো সংগ্রহ দাঁড় করানোর সামর্থ্য আমাদের আছে বলেই বিশ্বাস করি। তাই আমার মনে হয়, ব্যাটিং নিয়ে আমাদের আবারও বসতে হবে।’

ইত্তেফাক/টিএ